পটুয়াখালীর বাউফল উপজেলায় গতকাল সোমবার সকালে বিদ্যালয় থেকে এক ছাত্রীকে (১৪) অপহরণের চেষ্টা করা হয়। এ ঘটনার প্রতিবাদে ওই বিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থী বিদ্যালয় ও এর আশপাশে বিক্ষোভ করে।
ওই ছাত্রীর সহপাঠী, শিক্ষক ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলছে। গতকাল ছিল নবম শ্রেণির রসায়নবিদ্যা বিষয়ের পরীক্ষা। পরীক্ষা দেওয়ার জন্য সকাল সাড়ে নয়টায় ওই ছাত্রী বিদ্যালয়ে আসে। এ সময় এক তরুণ এসে প্রকাশ্যে ওই ছাত্রীর মুখ চেপে ধরে ও তাকে অপহরণ করার চেষ্টা চালান। ওই সময় বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীরা ও স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তখন ওই তরুণ পালিয়ে যান। পরে এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় ও বিদ্যালয় এলাকায় মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, এ ঘটনার পর ব্যবস্থাপনা কমিটির সভাপতি এসে শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে জরুরি সভা করেন। অভিযুক্ত ওই তরুণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান শিক্ষক আরও বলেন, ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই তরুণ প্রায়ই নানাভাবে উত্ত্যক্ত করতেন। কিছুদিন আগে ওই তরুণের বাবাকেও ডেকে আনা হয়েছিল।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বলেন, ওই ছাত্রীকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।