স্কুল পালানো ছাত্ররা পেটাল শিক্ষককে
যশোরে সদর উপজেলার ছাতিয়ানতলা-চূড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বাস থেকে নামিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে স্কুল পালানো একদল শিক্ষার্থীর বিরুদ্ধে। গতকাল রোববার বিকেলে স্কুল ছুটির পর বাড়িতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত প্রধান শিক্ষক ফজলুর রহমানকে (৪৫) যশোর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকায়। এ ঘটনায় পুলিশ দশম ও অষ্টম শ্রেণির দুই ছাত্রকে আটক করেছে।
এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিমুল হোসেন প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ের সপ্তম, নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে মুন্সী মেহেরুল্লাহ রেলস্টেশন এলাকায় বসে আড্ডা দিচ্ছিল। গতকাল দুপুরে প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক তাদের সেখান থেকে ধরে বিদ্যালয়ে নিয়ে আসেন। এ সময় বিদ্যালয় থেকে ছাড়পত্র দেওয়া হবে বলে তাদের ভয় দেখানো হয়। পরে অভিভাবকদের বাড়ি থেকে ডেকে এনে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এতে ওই শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়। পরে বিদ্যালয় ছুটির পর বিকেলে প্রধান শিক্ষক বাসে করে যশোর-ঝিনাইদহ সড়ক দিয়ে বাড়িতে ফিরছিলেন।
সহকারী শিক্ষক শিমুল হোসেন আরও বলেন, বাসটি যশোর সদর উপজেলার হৈবতপুর এলাকার কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজ-সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই ছাত্ররা বহিরাগত কয়েকজনকে সঙ্গে নিয়ে রাস্তার মধ্যে বাস থামিয়ে প্রধান শিক্ষককে নামিয়ে নেয়। এ সময় তারা লাঠিসোঁটা ও কিল-ঘুষি দিয়ে ওই শিক্ষককে আহত করে। স্থানীয় লোকজন উদ্ধার করে শিক্ষককে যশোর সদর হাসপাতালে ভর্তি করে।
যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইউসুফ আলী বলেন, ওই শিক্ষকের শরীরের বিভিন্ন স্থান থেঁতলে গেছে। ডান হাতের কনুইয়ে জখম রয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ‘শাসন করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে বাস থেমে নামিয়ে নিয়ে পিটুনি দিয়ে জখম করেছে। এ ঘটনায় দুই ছাত্রকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’