স্কুল পোশাকের জন্য বেত্রাঘাত, শিক্ষার্থী হাসপাতালে

নির্দিষ্ট পোশাকে (স্কুল ইউনিফর্ম) স্কুলে না আসায় পাবনার চাটমোহরে রজনী খাতুন নামের এক শিক্ষার্থীকে পিটিয়েছেন এক শিক্ষক। এতে হাতপাতালে ভর্তি হয় রজনীকে। এ ঘটনায় শাস্তি স্বরূপ ওই শিক্ষক শাহীন হোসেনকে অন্য স্কুলে বদলি করা হয়েছে।
উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী রজনী। তার বাবার নাম সুরুজ আলী। তাদের বাড়ি উপজেলার বিলচলন ইউনিয়নের দোলন গ্রামে।
রজনীর বাবা সুরুজ আলী ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, স্কুলে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট পোশাক রয়েছে। পোশাকটি ময়লা হয়ে যাওয়ায় গত শনিবার সকালে সে অন্য পোশাক পড়ে স্কুলে যায়। এতে ক্ষুব্ধ হন স্কুলের সহকারী শিক্ষক শাহীন হোসেন। এ জন্য তিনি রজনীকে বেদম বেত্রাঘাত করেন। আহত অবস্থায় মেয়েটি বাড়ি ফিরে যায়। সন্ধ্যায় কাঁপুনি দিয়ে তার জ্বর আসে। ভয়ে মেয়েটি কথা বলা বন্ধ করে দেয়। পরদিন গ্রাম্য ডাক্তারের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি। পরে সন্ধ্যায় তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
যোগাযোগ করা হলে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সাজিবুর রহমান বলেন, মেয়েটির শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন দেখা গেছে। হাসপাতালে ভর্তির সময় তার মানসিক অবস্থা ভালো ছিল না। জ্বর ও ব্যথায় মেয়েটি কাতরাচ্ছিল। কোনো কথা বলছিল না । বর্তমানে তার জ্বর কমেছে। তবে ব্যথা এখনো আছে। মানসিক অবস্থাও স্বাভাবিক হয়ে আসছে। আজ দুপুরের পর তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক শাহীন হোসেন বলেন, নির্ধারিত পোশাক না পরায় শিক্ষার্থীদের সতর্ক ও মৃদু প্রহার করা হয়েছে। বেদম বেত্রাঘাত করা হয়নি।
চাটমোহর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ঘটনার পর গত সোমবার সকালে মেয়েটির বাবা বিষয়টি জানিয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসের দুই সদস্যর সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত দল ঘটনার সত্যতা পেয়েছে।
এ প্রসঙ্গে চাটমোহর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব দেবনাথ বলেন, তদন্ত প্রতিবেদনে ঘটনার সত্যতা মেলায় অভিযুক্ত শিক্ষককে শাস্তিস্বরূপ ওই স্কুল থেকে বদলি করে উপজেলার চর নবীন স্কুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাঁকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।