স্কুল ভবনের ছাদ থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়ার সাত দিন ধরে নিখোঁজ আম ব্যবসায়ী আবদুর রউফের (৪৫) লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। গতকাল রোববার উপজেলার জামনগরের ভিতরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের ওপর থেকে পচা ও গলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। আবদুর রউফ একই এলাকার ভিতরভাগ গ্রামের বাসিন্দা।

নিহত আবদুর রউফের ভগ্নিপতি আ. মালেক বলেন, ৫ সেপ্টেম্বর রাত থেকে আবদুর রউফ নিখোঁজ ছিলেন। ৬ সেপ্টেম্বর সকালে বাগাতিপাড়া থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়। কিন্তু তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। ব্যবসায়িক বিরোধে আবদুর রউফ খুন হয়ে থাকতে পারেন। তিনি আরও বলেন, এলাকার লোকজন ছাদে উঠে পচা ও গলিত লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে বাগাতিপাড়া থানা-পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

বাগাতিপাড়া মডেল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, লাশের পাশে একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। তাতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যাও করে থাকতে পারেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ঘটনা নিশ্চিত হওয়া যাবে।