স্কুল শিক্ষিকাকে অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে আজ সোমবার মনিকা সাহা (৩৮) নামের এক শিক্ষিকাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপহরণকারীরা তাঁর স্বামী বলরাম পোদ্দারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। 

মনিকা সাহা ফরিদপুর সদরের চর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক। তবে বর্তমানে তিনি শহরের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্তি সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মনিকা আজ বিকেল পাঁচটার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলী সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনের মোড়ে এলে একটি সাদা রঙের মাইক্রোবাস তাঁর সামনে থেকে ওই শিক্ষিকাকে জোর করে টেনে তুলে দ্রুত চলে যায়।
এ ব্যাপারে মনিকা সাহার স্বামী বলরাম পোদ্দার ফরিদপুর কোতোয়ালি থানায় একটি এজাহার দিয়েছেন। বলরাম বলেন, অপহরণকারীরা অচেনা একটি নম্বর থেকে মনিকার মুক্তির জন্য ১০ লাখ টাকা দাবি করেছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন বলেন, পুলিশের তিনটি দল স্কুল শিক্ষিকা মনিকাকে উদ্ধারের চেষ্টা করছে।