স্কুলছাত্র অপহরণ, সাড়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে মো. আব্দুল্লাহ (১১) নামে এক স্কুলছাত্রকে অপহরণ করে মুক্তিপণ হিসেবে পরিবারের কাছে সাড়ে পাঁচ লাখ টাকা দাবি করার অভিযোগ পাওয়া গেছে।

অপহৃত ছাত্রের পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তার বাবা কুয়েতপ্রবাসী বাদল হোসেন।
শিশুটির দাদা মারফত আলী আজ শনিবার সাংবাদিকদের জানান, গতকাল শুক্রবার জুমার নামাজের পর রুহিতপুর ইউনিয়নের মুগারচরের বাসা থেকে মাঠে খেলতে যাওয়ার কথা বলে আবদুল্লাহ বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। পরে আত্মীয়স্বজনের বাসায় খোঁজ নিয়েও তার কোনো হদিস পাওয়া যায়নি। সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে কে বা কারা মোবাইলে (০১৮৭৯৩৬১৭৯৫) খুদে বার্তা পাঠিয়ে আব্দুল্লাহকে অপহরণ করা হয়েছে বলে মুক্তিপণ বাবদ ৫ লাখ টাকা দাবি করে। এরপর রাতেই তিনি কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিশুটি​ নিখোঁজের পর রাতে তার দাদা মারফত আলী একটি জিডি করেন। ওই দিন (শুক্রবার) সন্ধ্যায় অপহরণকারীরা অপহৃত ছাত্রের পরিবারের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ হিসেবে সাড়ে পাঁচ লাখ টাকা দাবি করে খুদে বার্তা পাঠায়।
কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিন্নাত আলী আনসারী বলেন, পরিচিত কেউ এ অপহরণ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। স্কুলছাত্রটিকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। পুলিশ শিগগিরই শিশুটিকে উদ্ধার করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তবে যে নম্বর থেকে খুদে বার্তা পাঠানো হ​য়েছিল সেটি এখন বন্ধ।