স্কুলছাত্র আরাফাতকে হত্যার অভিযোগ পরিবারের
মুন্সিগঞ্জের সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের স্কুলছাত্র আরাফাত হোসেনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে পরিবার। আরাফাতের পরিবারের অভিযোগ, এ ঘটনায় তারা থানায় হত্যা মামলা করতে চাইলেও পুলিশ অভিযোগটিকে অপমৃত্যু হিসেবে গ্রহণ করেছে।
এলাকাবাসী ও আরাফাতের পরিবার সূত্রে জানা যায়, পঞ্চসার ইউনিয়নের মুন্সিগঞ্জ মডেল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র আরাফাত হোসেন ১৭ সেপ্টেম্বর সহপাঠীদের সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়। পরদিন সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নের ইছামতীরশাখা নদী থেকে আরাফাতের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আরাফাতের চাচা মিরাজ হোসেন সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে আরাফাতকে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। কিন্তু পুলিশ হত্যার অভিযোগ না নিয়ে এটিকে অপমৃত্যু হিসেবে গ্রহণ করে। আরাফাতের বাবা নাছির মিয়া ইতালিপ্রবাসী।
আরাফাতের মামাতো ভাই সিফাত হোসেন বলেন, ‘বন্ধুরা খুব সকালে আরাফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। শুনেছি, তারা ২৪-২৫ জন মিলে ট্রলারে করে ঘুরতে যায়। ঘুরতে গিয়ে ওই দিন দুপুর ১২টার দিকে তারা ফোন করে বলে, আরাফাতকে পাওয়া যাচ্ছে না। আমরা এ কথা শুনে দ্রুত টঙ্গিবাড়ীতে কুণ্ডের বাজার সেতুর কাছে যাই। তখন তারা বলে, সেতুর পাশের মাঠেতারা একসঙ্গে খেলছিল। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। তারা আমাদের একেক সময় একেক ধরনের কথা বলেছে।’
আরাফাতের চাচা মিরাজ হোসেন বলেন, ‘আরাফাতের বন্ধুদের কথা শুনে মনে হচ্ছে, সে পানিতে ডুবে মারা যায়নি। তাকে খুন করা হয়েছে। আমরা এ ঘটনায় থানায় মামলা দিতে চাইলে পুলিশ আমাদের কথা না লিখে তারা নিজেদের মতো অপমৃত্যুর মামলা নিয়েছে।’
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার বিষয়টি এলে আমরা সেটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করব।’
সংশোধনী: গত১৯ সেপ্টেম্বর প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে পুলিশের বরাতে আরাফাত হোসেনকে মুন্সিগঞ্জের প্রফেসর ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র বলা হয়েছিল। প্রকৃতপক্ষে আরাফাত পঞ্চসার ইউনিয়নের মুন্সিগঞ্জ মডেল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।