স্কুলছাত্র খুনে 'সমবয়সীরা জড়িত'
সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকায় ছুরিকাঘাতে স্কুলছাত্র শাহেদ আহমদ (১৬) খুনের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, শাহেদ হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া সাতজনই তার সমবয়সী। তারা সবাই হত্যাকারীদের সহযোগী বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।
এদিকে গত সোমবার রাতে সিলেটের বিমানবন্দর থানায় ১৯ জনের নামোল্লেখ করে হত্যা মামলা করেন শাহেদের বড় ভাই জাহেদুর সাইফুল্লাহ। আটক সাতজনের নাম মামলার এজাহারে থাকায় সাতজনকেই গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মামলায় নিহত শাহেদের সমবয়সী ১৯ জন ছাড়াও অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।
মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদত হোসেন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে সমবয়সীদের মধ্যে আগের কোনো বচসা বা ক্রোধ থেকে হত্যাকাণ্ড ঘটেছে। হত্যায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে শাহেদের সমবয়সী দুজনকে ঘটনার দিন রাতেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে একটি পক্ষের সংশ্লিষ্টতা পেয়েছে। আটক ওই দুজনসহ আরও পাঁচজনকে সোমবার রাতে আটক করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গতকাল সাতজনকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র বলছে, গ্রেপ্তার সাতজনই বিভিন্ন স্কুলপড়ুয়া কিশোর। তারা সবাই শাহেদের সমবয়সী। কেউ বন্ধু বলেও পরিচয় দেয়। পূর্বশত্রুতা থেকে রোববার রাতে অতর্কিত হামলা ও ছুরিকাঘাতের ঘটনাও ঘটেছে। গ্রেপ্তার হওয়া কিশোরদের কয়েকজন এ নিয়ে পুলিশের কাছে অনুশোচনাও প্রকাশ করেছে। তবে হত্যার কারণ সুনির্দিষ্ট করতে ও খুনি নিশ্চিত করতে ১৯ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়েছে পুলিশ।
গত রোববার রাত প্রায় আটটার দিকে হাউজিং এস্টেট এলাকার মুখে অতর্কিত হামলায় ছুরিকাহত হয় শাহেদ। তাকে তাৎক্ষণিক ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পেটে ছুরির গভীর ক্ষত পাওয়া গেছে।
শাহেদ চৌকিদেখি এলাকার মৃত আবদুল খালেকের ছেলে। ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির অনিয়মিত ছাত্র। শাহেদের চাচা শাহরাজ হোসেন সাংবাদিকদের জানান, এক বছর হয় শাহেদ স্কুলে যাচ্ছিল না। তাকে কারা, কেন খুন করেছে, তা পরিবারের কারোর জানা নেই। এ জন্য পুলিশের সহায়তা চাওয়া হয়েছে।
মাদ্রাসার অধ্যক্ষ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সিলেট অফিস জানায়, জেলার ওসমানীনগরে শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শায়খূল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি লুৎফুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। লুৎফুর রহমানকে গত রোববার রাতে দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি একই মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক।
১৪ ফেব্রুয়ারি সিলেট-ঢাকা মহাসড়কের বুরুঙ্গা এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান অধ্যক্ষ শায়খূল ইসলাম। এরপরই প্রাইভেট কারের চালক পালিয়ে যান। শায়খূলের পরিবারের অভিযোগ, মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক লুৎফুর রহমান প্রাইভেট কারটি চালাচ্ছিলেন। তাঁর সঙ্গে অধ্যক্ষ শায়খূলের মাদ্রাসার বিভিন্ন বিষয় নিয়ে পূর্ববিরোধ ছিল। এর জের ধরেই পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। পরে শায়খূল ইসলামের স্ত্রী প্রভাষক লুৎফুরের নাম উল্লেখ করে থানায় মামলাও করেন।
ওসমানীনগর থানার ওসি এস এম আল-মামুন বলেন, হত্যা মামলায় অভিযুক্ত লুৎফুর রহমানকে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন। সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।