বাবা ক্যানসারে আক্রান্ত। পরিবারের হাল ধরতে পড়াশোনার পাশাপাশি ইঞ্জিনচালিত ভ্যান চালাত ছেলেটি। সেই ভ্যান ছিনিয়ে নিল দুর্বৃত্তরা; সঙ্গে তার প্রাণটাও।
যশোরের মনিরামপুর উপজেলায় ঘটেছে এ ঘটনা। নিহত স্কুলছাত্রের নাম আল আমিন (১৪)। তার লাশ গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্যামকুড় এলাকার একটি পাটখেত থেকে পুলিশ উদ্ধার করেছে।
আল আমিনের বাড়ি মনিরামপুরের দুর্বাডাঙ্গা ইউনিয়নের বাটবিলা গ্রামে। বাবার নাম মোহাম্মদ মোস্তফা। সে দুর্বাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত।
দুর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় সদস্য মাসুদুর রহমান বলেন, আল আমিনের বাবা ক্যানসারে আক্রান্ত। চার ভাইবোনের মধ্যে বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে। আল আমিন তৃতীয়। তার ছোট একটা ভাই রয়েছে। এ জন্য লেখাপড়ার পাশাপাশি আল আমিন ইঞ্জিনচালিত ভ্যান চালিয়ে সংসারে সহযোগিতা করত। গত বুধবার সকাল ১০টা পর্যন্ত সে নিজের ভ্যানে করে স্থানীয় একটি সেতুর নির্মাণকাজের ইটের খোয়া পরিবহন করে। বেলা ১১টার দিকে দুর্বাডাঙ্গা বাজার থেকে দুজন অপরিচিত লোককে নিয়ে চিনাটোলা বাজারের দিকে যায়। পরে আর বাড়ি ফেরেনি আল আমিন।
পরিবারের সদস্যরা বুধবার অনেক খোঁজাখুঁজির পরও আল আমিনের কোনো সন্ধান পাননি। গতকাল সকাল ১০টার দিকে স্থানীয় কয়েকটি শিশু শ্যামকুড় এলাকার কর্মকার পাড়ার রাস্তার পাশের একটি পাটখেতের পাশে লাশ পড়ে থাকতে দেখে। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আল আমিনের মা আনোয়ারা বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘আল আমিন আমাকে বলেছিল, সামনে ঈদে শাড়ি কিনে দেবে। এখন কে আমাকে শাড়ি কিনে দেবে?’
পুলিশ বলছে, আল আমিনের ভ্যানে ওঠা অপরিচিত লোক দুটি ছদ্মবেশী ছিনতাইকারী ছিল বলে তাদের ধারণা। তারা ইঞ্জিনচালিত ভ্যানটি ছিনতাইয়ের জন্য আল আমিনকে খুন করতে পারে। আল আমিনের মুখের মধ্যে কাদা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার প্রাথমিক আলামত পাওয়া গেছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকাররম হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে আল আমিনকে হত্যা করা হয়েছে। আমরা জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’