স্কুলছাত্র, নারীসহ চারজনকে হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গতকাল বৃহস্পতিবার এক স্কুলছাত্রকে শ্বাসরোধে ও নরসিংদীর বেলাবতে এক ব্যক্তিকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর আগে গত বুধবার দুর্বৃত্তরা গাজীপুরে এক ব্যবসায়ীকে ও ঢাকার ধামরাইয়ে এক নারীকে কুপিয়ে হত্যা করে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নারায়ণগঞ্জ: নিহত স্কুলছাত্রের নাম মারুফ মিয়া (১৩)। সে রূপগঞ্জ উপজেলার ভান্ডাব এলাকার ওমর আলীর ছেলে এবং ভুলতা স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম বলেন, গতকাল সকালে মারুফ মিয়াকে বাড়িতে একা রেখে অসুস্থ রোগী দেখতে যান তার মা। এর আগে ভোরে বাবা ওমর আলী কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এলাকাবাসী জানিয়েছেন, বাড়িভাড়া নিয়ে প্রায়ই ভাড়াটেদের সঙ্গে ওমর আলীর ঝগড়া হতো। এ কারণে তাঁর ছেলেকে হত্যা করা হয়ে থাকতে পারে।
নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (খ-অঞ্চল) ফোরকান আহম্মেদ বলেন, ওই ছাত্রকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার সময় ওই বাড়িতে কেউ ছিলেন না। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির দুই ভাড়াটেকে আটক করা হয়েছে।
নরসিংদী: নিহত বৃদ্ধের নাম আবদুল মোতালিব মিয়া (৮৫)। পুলিশ সূত্র জানায়, মোতালিব মিয়ার সঙ্গে পাশের বাড়ির ইদ্রিস আলীর জমির সীমানা নিয়ে বিরোধ ছিল। গতকাল মোতালিব লোকজন নিয়ে তাঁর বাড়ির সীমানা ঘেঁষে বেড়ে ওঠা ইদ্রিসের একটি গাছ কাটতে যান। এতে ইদ্রিসের ছেলে ফয়সাল মিয়া বাধা দেন। বাধা উপেক্ষা করে গাছ কাটতে চাইলে ফয়সাল রড দিয়ে মোতালিবের মাথায় আঘাত করেন। পরে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাভার: নিহত বৃদ্ধার নাম রজবান্নেছা বেগম (৮০)। ঘটনার সময় তাঁর স্বামী ফালুজ উদ্দিন ব্যাপারীকেও কুপিয়ে জখম করা হয়। গুরুতর অবস্থায় তাঁকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রচুর অর্থসম্পদের মালিক ফালুজ উদ্দিন তাঁর স্ত্রীকে নিয়ে বালিথা গ্রামের একটি দোতলা বাড়ির নিচতলায় থাকতেন। বুধবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই বাড়িতে হানা দিয়ে ফালুজ উদ্দিন ও তাঁর স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। একপর্যায়ে তারা রজবান্নেছাকে গলা কেটে হত্যার পর লাশ রেফ্রিজারেটরের খালি বাক্সে লুকিয়ে রেখে চলে যায়। খবর পেয়ে পুলিশ গতকাল সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, সম্ভবত শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে কোনো পক্ষ তাঁদের ওপর হামলা চালায় ও মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাক্রমে ফালুজ উদ্দিন বেঁচে গেলেও তাঁর অবস্থা আশঙ্কাজনক।
গাজীপুর: নিহত ব্যবসায়ীর নাম শাহীন মিয়া (২৮)। তিনি কাশিমপুরের ছোট গোবিন্দবাড়ী এলাকার গেদুরাজ মিয়ার ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে ছোট গোবিন্দবাড়ী এলাকায় শাহীন তাঁর নির্মাণাধীন একটি মার্কেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত চাপাতি দিয়ে কুপিয়ে তাঁকে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।