স্কুলছাত্র পিয়াস হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি
নোয়াখালীর সোনাইমুড়ীতে স্কুলছাত্র সোহরাব হোসেন ওরফে পিয়াস (১৪) হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার সোনাপুর বাজারে ঘণ্টাব্যাপী এসব কর্মসূচি পালিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে উপজেলার সোনাপুর আলী আকবর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা সোনাপুর বাজারে মানববন্ধনের আয়োজন করেন। এরপর তাঁরা বাজারে বিক্ষোভ মিছিল বের করেন।
সোহরাবের পারিবারিক সূত্রে জানা গেছে, ১ আগস্ট বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের হীরাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহরাবের সঙ্গে মার্বেল খেলা নিয়ে একই এলাকার নুরুল করিমের ছেলে নুরনবীসহ কয়েকজনের ঝগড়া হয়। এরপর সন্ধ্যায় সোহরাব নিখোঁজ হয়। পরদিন পাশের গ্রামের ছমির উদ্দিনের পরিত্যক্ত বাড়ির পাশে সোহরাবের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। এ ঘটনায় ওই দিনই সোহরাবের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে থানায় চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু পুলিশ আজও মামলার এজাহারভুক্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।