স্কুলছাত্র মোমিন হত্যায় বন্ধু ও তার মা গ্রেপ্তার
টাঙ্গাইলে স্কুলছাত্র মোমিন হত্যার ঘটনায় বন্ধু ও বন্ধুর মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে সাভার থেকে তাদের গ্রেপ্তার করে টাঙ্গাইল মডেল থানার পুলিশ।
নিহত মোমিন টাঙ্গাইলে সন্তোষ ইসলামি বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, মোমিনের সঙ্গে বন্ধুর মায়ের অনৈতিক সম্পর্কের জের ধরে হত্যার ঘটনা ঘটে।
মোমিন হত্যায় বন্ধু ও বন্ধুর মাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ভূইয়া।
তিনি জানান, বেশ কয়েকবার মায়ের সঙ্গে মোমিনকে আপত্তিকর অবস্থায় দেখতে পায় হত্যার অভিযোগে গ্রেপ্তার বন্ধু। ক্ষুব্ধ হয়ে সে মোমিনকে হত্যার পরিকল্পনা করে। গত ২৬ সেপ্টেম্বর স্কুলে না গিয়ে মোমিনের পিছু নেয় সে। একপর্যায়ে তাদের বাড়ির কাছে একটি পরিত্যক্ত টিনের ঘরে তার মাকে বন্ধু মোমিনের সঙ্গে আবারও আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে লোহার রড দিয়ে মোমিনের মাথায় এলোপাতাড়ি আঘাত করে সে। এতে ঘটনাস্থলেই মোমিনের মৃত্যু হয়।
ওসি জানান, ছেলেকে হত্যার দায় থেকে বাঁচাতে ঘরের মেঝে আর রড থেকে রক্তের দাগ পানি দিয়ে ধুয়ে ফেলেন মা। পরে মোমিনের লাশ পার্শ্ববর্তী ধানখেতে ফেলে রেখে ছেলেকে নিয়ে তিনি পালিয়ে যান। স্থানীয় লোকজন মোমিনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার দুদিন পর গত ২৮ সেপ্টেম্বর মোমিনের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে নিহত ছেলের বন্ধু, বন্ধুর মাসহ পাঁচজনকে আসামি করে টাঙ্গাইল মডেল থানায় একটি হত্যা মামলা করেন।