স্কুলছাত্র হত্যা মামলার আসামি 'বন্দুকযুদ্ধে' নিহত
চুয়াডাঙ্গায় স্কুলছাত্র মাহফুজ আলম হত্যা মামলার প্রধান আসামি রাকিবুল ইসলাম (২৮) র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। র্যা ব জানিয়েছে, গত শনিবার রাতে দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে ওই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
রাকিবুল চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া গ্রামের ইমান আলীর ছেলে এবং আলোকদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য।
ঝিনাইদহ র্যা ব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, শনিবার রাতে দামুড়হুদার গোবিন্দহুদা গ্রামে টহল দেওয়ার সময় একদল দুর্বৃত্ত র্যা বের টহলদলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যা ব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে হামলাকারীরা পিছু হটে। একপর্যায়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুটি গুলি ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার এসআই একরামুল হোসাইন জানান, শনিবার রাতেই লাশটি থানা চত্বরে এনে রাখা হয়। আলোকদিয়া ইউপির চেয়ারম্যান ইসলাম উদ্দিন লাশটি ইউপি সদস্য রাকিবের বলে শনাক্ত করেন। নিহত রাকিবের শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে। দুটি গুলিই পেছন থেকে ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গত ২৯ জুলাই দামুড়হুদা দশমীপাড়ার ব্রিজ মোড় এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মাহফুজ আলমকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরের বৃক্ষমেলার মাঠ থেকে অপহরণ করা হয়। এর প্রায় এক মাস পর ৩১ আগস্ট র্যা বের সদস্যরা চুয়াডাঙ্গা শহরের সিঅ্যান্ডবি পাড়ার একটি চার্জার লাইট কারখানার সেপটিক ট্যাংক থেকে মাহফুজের গলিত লাশ উদ্ধার করেন। ইউপি সদস্য রাকিবুল ওই চার্জার লাইট কারখানার মালিক ছিলেন।
এরপর মাহফুজের মামা আবদুল হালিম বাদী হয়ে ওই দিনই দামুড়হুদা মডেল থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলায় ইউপি সদস্য রাকিবকে প্রধান আসামি করা হয়। র্যা ব ইতিমধ্যে এজাহারভুক্ত মো. মামুনসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁরা বর্তমানে চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দী রয়েছেন। মামুন ৯ সেপ্টেম্বর আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে রাকিবুলের জড়িত থাকার কথা উল্লেখ করেছেন।