স্কুলছাত্র হত্যার অভিযোগে আলজেরীয় নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় জুবায়ের আহমেদ (১৭) নামের এক স্কুলছাত্রকে হত্যার অভিযোগে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার নাগরিক আবু ওবায়েদ কাদেরকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার সকালে উত্তরা ৪ নম্বর সেক্টরে পার্কের পাশের পুকুর থেকে জুবায়েরের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এরপর তার পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওবায়েদকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তাঁর কোনো পাসপোর্ট-ভিসা পায়নি পুলিশ।
এ ঘটনায় জুবায়েরের মা দিলরুবা বেগম উত্তরা পূর্ব থানায় মামলা করেছেন। মামলায় ওবায়েদসহ দুজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। অপর আসামি হলো মো. ইসমাইল (১৭)। তাকে এখনো আটক করতে পারেনি পুলিশ।
এলাকাবাসী জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া ওবায়েদ পাঁচ বছর ধরে উত্তরার ৫ নম্বর সেক্টরের একটি বাসায় ভাড়া থাকছেন। এখানে তাঁর কোনো পরিবার নেই। তিনি প্রতিদিন বিকেলে কিশোর-তরুণদের নিয়ে ফুটবল খেলতেন। এদের একজন ও লেভেল পরীক্ষার্থী জুবায়ের।
পুলিশ ও জুবায়েরের স্বজনেরা জানান, জুবায়ের গত শনিবার বিকেলে ফুটবল খেলতে বাসা থেকে বের হয়। এরপর আর বাসায় ফেরেনি। ওই দিন রাতে জুবায়েরের ভাই জামিল ভাইয়ের সন্ধানে ওবায়েদকে ফোন করলেও তিনি ফোন ধরেননি। পরদিন রোববার সকালে তাঁর সঙ্গে দেখা করেন জামিল। তখন ওবায়েদ জানান, পার্কে ফুটবল খেলার শেষ দিকে সবাই বাসায় চলে যাওয়ার পরেও তিনি, জুবায়ের ও ইসমাইল খেলছিলেন। একপর্যায়ে ফুটবলটি পাশের পুকুরে পড়ে গেলে জুবায়ের তা তুলতে যায়। কিন্তু আর উঠতে পারেনি। জামিলের কাছে ওবায়েদ দাবি করেন, জুবায়েরকে উদ্ধারে তিনিও পুকুরে নেমেছিলেন। কিন্তু কোনো খোঁজ পাননি।
পুলিশের তৈরি সুরতহাল প্রতিবেদনে বলা হয়, নিহতের গলার নিচে তিন-চারটি ও পেটের বাঁ পাশে চার-পাঁচটি নখের আঁচড় রয়েছে। ওই কিশোর সমকামিতার শিকার হয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে।
জামিল আহমেদ প্রথম আলোকে বলেন, ওবায়েদের বক্তবে অসংলগ্নতা রয়েছে। তিনি বলছেন, বল পুকুরে পড়ে যাওয়ার পরে জুবায়ের তা তুলতে পুকুরে ঝাঁপ দেয়। এরপর জুবায়ের তলিয়ে যায়। এরপর জুবায়েরকে খুঁজতে ওবায়দে কাদেরও পানিতে নামেন। কিন্তু জুবায়েরকে না পেয়ে তিনি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, ওবায়েদ কবে, কীভাবে বাংলাদেশে এলেন, কীভাবে থাকছেন—এসব বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে বলেছেন, তিনি গুলশান-বারিধারা এলাকায় টিউশনি করতেন।