স্কুলছাত্র হত্যায় 'আসামি রাকিবুল বন্দুকযুদ্ধে' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাকিবুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। র‍্যাব বলছে, রাকিবুল স্কুলছাত্র মাহফুজ আলম সজীব অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি। তিনি আলোকদিয়া ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য।

গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুটি গুলি ও একটি ধারালো অস্ত্র উদ্ধারের দাবি করেছে র‍্যাব।

রাকিবুলের (২৮) বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া গ্রামে। বাবার নাম ভিকু মণ্ডল।

র‍্যাব-৬ ঝিনাইদহ কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদের ভাষ্য, গোবিন্দহুদা গ্রামে টহলে গেলে একদল দুর্বৃত্ত র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এতে হামলাকারীরা পিছু হটে। একপর্যায়ে রাকিবুলকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গত ২৯ জুলাই চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মাহফুজকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরের বৃক্ষমেলার মাঠ থেকে অপহরণ করা হয়। প্রায় এক মাস পর ৩১ আগস্ট র‍্যাব সদস্যরা চুয়াডাঙ্গা শহরের সিঅ্যান্ডবি পাড়ার একটি চার্জার লাইট কারখানার সেপটিক ট্যাংক থেকে মাহফুজের গলিত লাশ উদ্ধার করেন। ইউপি সদস্য রাকিবুল ওই চার্জার লাইট কারখানার মালিক।

মাহফুজের মামা আব্দুল হালিম বাদী হয়ে ওই দিনই দামুড়হুদা মডেল থানায় ইউপি সদস্য রাকিবুল ইসলামকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। র‍্যাব এজাহারভুক্ত একজনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা চুয়াডাঙ্গা জেলা কারাগারে রয়েছে।