স্কুলছাত্রকে অপহরণ কৌশলে পালিয়ে রক্ষা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গতকাল শনিবার অপহরণের পর পালিয়ে রক্ষা পেয়েছে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্র। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে অপহরণকারীদের মাইক্রোবাস থেকে কৌশলে পালায় সে।
ওই স্কুলছাত্রের নাম আরাফাত হোসেন আদনান (১২)। সে দক্ষিণ উজানচর মঙ্গলপুর গ্রামের আবদুল মালেক ফকিরের ছেলে। সে গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ে পড়ে।
আরাফাত হোসেন জানায়, স্কুলে যাওয়ার জন্য সে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে রিকশাযোগে উপজেলা শহরের বদিউজ্জামান ব্যাপারীপাড়ার কালুর মোড় এলাকায় নামে। সেখান থেকে হেঁটে যাওয়ার সময় তার পেছনে কালো রঙের একটি মাইক্রোবাস থামে। গাড়ির তিন যুবক তাকে স্কুলে পৌঁছে দেওয়ার কথা বলে জোর করে গাড়িতে তোলে। চিৎকার করলে মেরে ফেলার হুমকি দেওয়ায় সে চুপ করে থাকে। মাইক্রোবাসটি দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে নদী পাড়ি দিয়ে পাটুরিয়ার ৩ নম্বর ঘাটে ভেড়ে। সেখানে ওই তিন যুবক গাড়ি রেখে মুদি দোকানে যায়। এ সময় গাড়ির দরজা খুলে একটি দোকানে গিয়ে সে লুকায়। যুবকেরা কিছুক্ষণ খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সটকে পড়ে।
খানজাহান আলী ফেরির ক্যানটিনের ব্যবস্থাপক মো. হামিদ ও ক্যানটিনের কর্মী মন্টু শেখ বলেন, ‘ঘাটের কাছে লোকজন জড়ো হওয়া দেখে আমরা এগিয়ে গিয়ে দেখি শিশুটি কান্নাকাটি করছে ও ভয়ে কাঁপছে। তার পরনের শার্টের গায়ে গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয়ের ব্যাজ দেখে স্কুলের ডায়েরি থেকে নম্বর নিয়ে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলামকে মুঠোফোনে জানাই। সকাল সাড়ে ১০টার দিকে আমরা শিশুটিকে বিদ্যালয়ে নিয়ে আসি।’