স্কুলছাত্রকে অ্যাসিড নিক্ষেপ, মামলা
কুমিল্লার হোমনা উপজেলায় ঘুমন্ত অবস্থায় মো. রাসেল মিয়া (১৬) নামের এক স্কুলছাত্রের ওপর অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। এতে তার মুখসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার লটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
রাসেল মিয়া হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র। এ ঘটনায় গতকাল শুক্রবার রাসেলের দাদা সুলতান মিয়া বাদী হয়ে প্রতিবেশী আবুল বাশারকে (১৮) আসামি করে হোমনা থানায় মামলা করেছেন।
পুলিশ ও রাসেলের পরিবার সূত্রে জানা গেছে, রাসেল হোমনা পৌর এলাকার লটিয়া গ্রামের প্রবাসী আরশাদ মিয়ার ছেলে। বৃহস্পতিবার রাতে পড়াশোনা শেষে সে ঘরে ঘুমিয়ে পড়ে। রাত একটার দিকে তার চিৎকার শুনে মা কারিমন বেগমের ঘুম ভাঙে। প্রতিবেশীরাও এগিয়ে আসেন। এ সময় রাসেলের চেহারা এবং বুকের ওপর পানিসদৃশ তরল পদার্থ দেখতে পান তাঁরা। রাত দুইটার দিকে রাসেলকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবদুছ ছালাম সিকদার বলেন, রাত দুইটার দিকে রাসেল নামের এক রোগীকে এখানে আনা হয়েছিল। তার মুখ, বুকসহ শরীরের ওপরের অংশ অ্যাসিডে পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে রাসেলের মা কারিমন বেগম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এলাকার রব মাঝির ছেলে বখাটে বাশার আমার ছেলেরে কয়েক দিন আগেও বাড়িতে আইসা হুমকি দিয়া কইছে, এমন কিছু করবে আমার পোলার মুখ নষ্ট কইরা ফালাইবে। বাশার জানত, আমার ঘরের একটি জানালা বাইরে দিয়া খোলা যায়। হেই রাতে জানালা খুইলা অ্যাসিড মাইরা পলাইয়া গেছে।’
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে ধরার চেষ্টা চলছে।