স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

পাবনা সদর উপজেলার চর কোষাখালী গ্রামে মিজানুর রহমান (১২) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকালে গ্রামের লঞ্চঘাট এলাকায় তার মৃতদেহ পাওয়া যায়।
মিজানুর জেলার বেড়া উপজেলার রাজনারায়ণপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে। সে সদর উপজেলায় ফুফুর বাড়িতে থেকে সাধুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত।
চর কোষাখালী গ্রামের ছয়-সাতজনের সঙ্গে কথা বলে জানা যায়, মিজানুরের মা নেই। সে বাবার একমাত্র ছেলে। আর্থিক অনটনের কারণে তার বাবা মিজানুরের পড়ালেখার খরচ চালাতে পারতেন না। ফলে বেশ কিছু দিন ধরে সে ফুফু হোসনে আরা বেগমের বাড়িতে থেকে পড়ালেখা করত। সম্প্রতি স্কুলের একটি মেয়ের সঙ্গে তার বন্ধুত্ব হয়। বিষয়টি ভালোভাবে দেখছিল না মেয়েটির পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। এ নিয়ে স্কুলে ও গ্রামে ঝামেলা তৈরি হলে দুই মাস আগে ফুফু তাকে তার বাবার কাছে পাঠিয়ে দেন। বেশ কিছুদিন সে তার বাবার বাড়িতেই ছিল। স্কুলে সমাপনী পরীক্ষা শুরু হওয়ার কথা শুনে গত শুক্রবার সে আবার চর কোষাখালী গ্রামে যায়। গ্রামে কিছুক্ষণ তাকে ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপর হঠাৎ করেই আর দেখা যাচ্ছিল না। গতকাল শনিবার সকাল ১০টার দিকে গ্রামের লঞ্চঘাট এলাকায় একটি ইটভাটার পাশে লোকজন তার মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
মিজানুরের ফুফু হোসনে আরা বেগম বলেন, স্কুলে ও গ্রামে তাকে নিয়ে কিছু সমস্যা তৈরি হওয়ায় বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। গত শুক্রবার মিজানুর যে আবার গ্রামে ফিরে এসেছে, এ বিষয়টি তিনি জানতেন না। লাশ উদ্ধারের পরে গ্রামবাসীর কাছ থেকে বিষয়টি তিনি জানতে পেরেছেন।
সাধুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিনা আক্তার বলেন, ‘স্কুলে একটি মেয়েকে কেন্দ্র করে ছোট্ট একটি ঘটনা ঘটেছিল। সেটি বড় কিছু নয়। শিশুদের দুষ্টুমি পর্যায়ের ঘটনা। আমরা মেয়েটির সঙ্গেও কথা বলেছি। মেয়েটিও কোনো অভিযোগ করেনি। কিন্তু হঠাৎ করেই গত ১৭ সেপ্টেম্বর থেকে মিজানুর স্কুলে অনুপস্থিত ছিল। এরপর হঠাৎ আমরা ওর মৃত্যু সংবাদ পেয়েছি।’
এ ব্যাপারে মিজানুরের বাবা হারুনুর রশিদের সঙ্গে কথা বলতে চাইলে ছেলের মৃত্যুর শোকে তিনি কিছু বলতে পারেননি।
পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সুরতহালে ছেলেটির ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় নিহত মিজানুরের বাবা মামলা করবেন বলে জানিয়েছেন।