স্কুলছাত্রকে কুপিয়ে জখম
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া গ্রামে গত শুক্রবার জসিম জমাদ্দার (১৪) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। জসিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জসিম ছোট মাছুয়া গ্রামের ফারুক জমাদ্দারের ছেলে। সে স্থানীয় তোফেল আকন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
জসিমের পরিবার সূত্রে জানা গেছে, ওই দিন (শুক্রবার) সন্ধ্যা ছয়টার দিকে বাড়ির কাছে এক সড়কে জসিমকে পূর্বশত্রুতার জের ধরে তার এক সহপাঠীসহ (১৪) দু–তিনজন কিশোর পেছন থেকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। এতে জসিমের মাথা ও ঘাড়ে তিনটি গুরুতর জখম হয়। এ সময় জসিমের আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন জসিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।