স্কুলছাত্রকে গাছে বেঁধে পেটালেন ছাত্রলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুর প্রতি নিষ্ঠুরতা
শিশুর প্রতি নিষ্ঠুরতা

বাইসাইকেল খোয়া যাওয়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (পিইসি) ফলপ্রত্যাশী এক শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে পেটানোর অভিযোগ উঠেছে লালমনিরহাটের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। আদিতমারীর মহিষখোচা বাজার এলাকায় গত বুধবার সকালে ঘটনাটি ঘটে। এ ঘটনায় মহিষখোচার বালাপাড়া গ্রামের মিঠু মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই পিইসি শিক্ষার্থীর নাম এমদাদুল হক (১৩)। আহত অবস্থায় তাকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এমদাদুলকে পেটানোর ঘটনায় তার মা আঞ্জু বেগম গত বুধবার আদিতমারী থানায় মহিষখোচা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশিক বাবু (২৭), মিঠু মিয়াসহ তিনজনকে আসামি করে মামলা করেন। ওই দিন রাতেই উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন সরকার ও সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আশিককে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কারের কথা জানানো হয়।

আশিকের মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তাঁর বাবা মোকলেছার রহমান দাবি করেছেন, তাঁর ছেলে অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্র বলেছে, বুধবার সকালে ছাত্রলীগ নেতা আশিক ও মিঠু মিয়াসহ অভিযুক্ত ব্যক্তিরা শিশু এমদাদুল হককে কিছু বুঝে ওঠার আগেই চড়-থাপ্পড় মারতে মারতে মহিষখোচা বাজারের পেছনে গাছবাগানে নিয়ে যান। সেখানে তাঁরা একটি বাইসাইকেলের ব্যাপারে তার কাছে জানতে চান। এমদাদুল এ ব্যাপারে কিছু জানে না বললে তাঁরা তাকে একটি গাছের সঙ্গে বেঁধে পেটান। ওই শিক্ষার্থীর কান্নাকাটি আর চিৎকার শুনে বাজারের লোকজন সেখানে ছুটে গেলে আশিকসহ তাঁর সঙ্গের লোকজন চলে যান। পরে এলাকাবাসী এমদাদুলকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এমদাদুলের মা আঞ্জু বেগম বলেন, ‘মোর স্বামী নাই, মুই মানুষের বাড়িত কাজ করি সংসার চালাই। এমদাদুল এটাসেটা কাম করিয়া কষ্ট করিয়া পড়াশুনা করিবার নাগছে। বাইসাইকেল কি হইছে তা জানবার চায়া মোর ছাওয়াটাক গাছত বান্দিয়া এদন করি পিটিয়া আহত করলো বাহে। হামরা গরিব মানুষ বলি কি বিচার পামো না?’

মহিষখোচা বাজারের ইজারাদার তমিজার রহমান বলেন, ‘এমদাদুল বাজারে সিদ্ধ জলপাই বিক্রি করে। আবার কখনো জাম, কখনো বাদাম বিক্রি করে। পাশাপাশি লেখাপড়াও করে। সম্প্রতি এমদাদুল বাজারে একজনের দোকানঘরের বারান্দায় চায়ের দোকান দিয়েছে। আমরা ওর বিরুদ্ধে কখনো কোনো অন্যায় করার অভিযোগ শুনি নাই। ওকে এভাবে মারা চরম অন্যায় হয়েছে। আমরাও এর বিচার চাই।’

আদিতমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম সরকার বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মহিষখোচা ইউনিয়ন ছাত্রলীগ থেকে আশিককে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, আশিক স্বীকার করেছেন, এমদাদুলকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ওই গাছবাগানে নিয়ে যাওয়া হয়েছিল। তবে তাকে বেঁধে পেটানোর অভিযোগ অস্বীকার করেছেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মিঠু নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা ও ঘটনার বিষয়ে তদন্ত চলছে।