স্কুলছাত্রকে পিটিয়ে জখম করলেন এএসআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা না শোনায় বরিশালের আগৈলঝাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এক স্কুলছাত্রকে পিটিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার উপজেলার বড়মগড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
আহত অবস্থায় মঙ্গলবার বিকেলে ওই ছাত্রকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিক্ষক, অভিভাবক, স্থানীয় লোকজন ও পুলিশ জানান, মঙ্গলবার আগৈলঝাড়া থানার এএসআই মকবুল হোসেন বড়মগড়া গ্রামে একটি মামলার তদন্তে যান। বেলা তিনটার দিকে এএসআই মকবুল গ্রামের অধিকারী বাড়ির কাছে পৌঁছালে সেখানে তাঁর সঙ্গে জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র মনোজ অধিকারীর (১০) দেখা হয়। এ সময় তিনি মনোজের কাছে অভিযুক্ত অরবিন্দু অধিকারীর বাড়িতে তাঁকে নিয়ে যেতে বলেন।
মনোজ অধিকারী জানায়, তাঁকে অরবিন্দুর বাড়ি নিয়ে যেতে বললে জরুরি কাজ আছে জানিয়ে সে নিজের বাড়ির দিকে রওনা হয়। এ সময় তাকে পেছন থেকে অকথ্য ভাষায় গালাগাল করেন ওই পুলিশ কর্মকর্তা। একপর্যায়ে এএসআই মকবুল দৌড়ে তাকে ধরে ফেলে কিল-ঘুষি মারতে থাকেন। এরপর লাঠি দিয়ে পিটিয়ে জখম করে ঘটনাস্থল থেকে চলে যান।
বড়মগড়া গ্রামের সুরেশ অধিকারী জানান, মনোজের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাকাল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে সেখানকার চিকিৎসকেরা তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিল্পী সমাদ্দার জানান, রোগীর শরীরের বিভিন্ন অংশে ফোলা ও জখমের চিহ্ন আছে।
এ ঘটনায় গ্রামের সুনীল অধিকারী, ভবতোষ বাড়ৈ, জাহাঙ্গীর হোসেনসহ কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে ঘটনার তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন।
পিটিয়ে জখম করার অভিযোগ সঠিক নয় দাবি করে এএসআই মকবুল হোসেন বলেন, কথা শোনার জন্য কয়েকবার মনোজকে ডাকার পরেও সে না আসায় তাকে চড়-থাপড় দেওয়া হয়েছে। তবে তাকে মারাটা ঠিক হয়নি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা বলেন, যদি ওই শিশু বা পরিবার আইনগত সহায়তা চায়, তবে তাকে আইনগত সহায়তা দেওয়া হবে। আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।