স্কুলছাত্রকে পিটিয়ে মারল সহপাঠীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী শহরের ব্রাহ্মন্দীর খালপাড় এলাকায় আজ মঙ্গলবার দুপুরে সহপাঠীসহ কয়েকজন পিটিয়ে পারভেজ মিয়া (১৩) নামের এক স্কুলছাত্রকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পিটুনিতে আহত হয়েছে নুরুল আমিন নামের পারভেজের এক সহপাঠীও। তাকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত পারভেজ শহরের বিলাসদী এলাকার বাসিন্দা। সে নরসিংদী আইডিয়াল হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। নিহতের পরিবারের অভিযোগ, পারভেজের কয়েকজন সহপাঠীসহ কয়েকজন ছাত্র এ ঘটনা ঘটিয়েছে।
নিহতের পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, স্কুলের টিফিন বিরতির সময় প্রতিদিনের মতো পারভেজ ও নুরুল নাশতা করতে বিদ্যালয়ের প্রধান ফটক থেকে বের হয়। এ সময় একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণি ও অষ্টম শ্রেণির কয়েকজন তাদের ডেকে পশ্চিম ব্রাহ্মন্দী খালপাড় এলাকায় নিয়ে যায়। সেখানে যাওয়া মাত্রই তারা তাদের ক্রিকেট ব্যাট দিয়ে পেটাতে থাকে। একপর্যায়ে তারা অচেতন হয়ে পড়লে তাদের খালের পানিতে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পারভেজ মিয়াকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশে রওনা দেন পরিবারের সদস্যরা। কিন্তু পথিমধ্যে সে মারা যায়। পরে পুলিশ পারভেজের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, পারভেজের মাথায় অজস্র আঘাতের চিহ্ন ছিল। মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে পারভেজ মারা গেছে। আর নুরুল আমিন এখনো অজ্ঞান।
নিহত পারভেজের বাবা সাত্তার মিয়া বলেন, ‘ছেলেকে স্কুলে পড়াশোনা করতে দিয়েছি, লাশ হওয়ার জন্য না। তার সহপাঠীসহ অন্য ছাত্ররা কেন আমার ছেলেকে মেরেছে তা বুঝতে পারছি না।’
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজিল এ মিল্লাত প্রথম আলোকে বলেন, ‘কী কারণে ছেলেরা এ ঘটনা ঘটিয়েছে তা বুঝতে পারছি না।’
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ঘটনায় জড়িত অভিযোগ ওঠা ছাত্ররা পরিবারসহ পালিয়েছে। ঘটনার কারণ জানা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।