স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা, ছুরিকাঘাতে নিহত ১
জমি নিয়ে বিরোধের জেরে নাটোরের সিংড়া উপজেলায় গতকাল সোমবার এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এর আগের দিন সন্ধ্যায় বগুড়ার কাহালুতে ছুরিকাঘাতে আবদুল মতিন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত স্কুলছাত্র আসিব হোসেন (১০) সিংড়া উপজেলার শাঐল গ্রামের কৃষক আবদুল কুদ্দুসের ছেলে। সে একই এলাকার চৌপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
সিংড়া থানার এসআই সঞ্জয় সরকার বলেন, আসিব রোববার দুপুরে স্কুল শেষে বাড়ি ফিরছিল। এ সময় গদনকুড়ি গ্রামের শাহীন মৃধা (২৫) তাকে পথে আটকে পিটিয়ে আহত করেন। পরে গ্রামের লোকজন উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসিবকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) নূর আলম বলেন, এ ঘটনায় শাহীনসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে গত রোববার সন্ধ্যায় বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুরের চাকদহ বাজারে বাগ্বিতণ্ডার জেরে আবদুল মতিন (৫০) নামের এক ব্যক্তিকে একদল লোক মারধর করে। একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি মাটিতে লুটে পড়েন। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মতিনের মৃত্যু হয়। তাঁর বাড়ি দুর্গাপুর ইউনিয়নের চাকদহ গ্রামে।
কাহালু থানার ওসি নূর এ আলম ছিদ্দিকী বলেন, এ ঘটনায় রাতেই দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে ওই গ্রামের জেল্লার হোসেন (৪৮) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।