স্কুলছাত্রকে পুড়িয়ে হত্যার অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশনের মীরেরগাঁও কারখানা বাজার এলাকায় এক স্কুলছাত্রকে ইটভাটায় পুড়িয়ে হত্যার অভিযোগ করেছে পরিবার। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিখোঁজ ওই ছাত্র হলো সিটি করপোরেশনের বিপ্রবর্থা এলাকার আবদুর রশিদের ছেলে আতিকুর রহমান (১৫)। সে কাউলতিয়া জহির উদ্দিন উচ্চবিদ্যালয় থেকে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দিয়ে একটি ইটভাটার ট্রাকে শ্রমিকের কাজ করত। গ্রেপ্তার হওয়া চারজন হলেন ট্রাকচালক আবদুল আলিম (৩০), ইটভাটার শ্রমিক খোরশেদ আলম (২৫), শাহিনুর রহমান (২২) ও শফিকুর রহমান (২৫)।
ওই ছাত্রের পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার রাতে আতিক ইটভাটার উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় উল্লিখিত চারজনকে স্থানীয় লোকজন জয়দেবপুর থানায় সোপর্দ করে।
জয়দেবপুর থানার পরিদর্শক (অপারেশন) মাহমুদুল হাসান আটক হওয়া শাহিনুরের বরাত দিয়ে জানান, ইট নামানোর সময় ট্রাকটির ডালার আঘাতে আতিকুর মারা যায়। লাশ ইটভাটার মালিক ইমরান দেওয়ানের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু ইমরান দেওয়ান কৈফিয়ত এড়াতে লাশটি পরিবারের লোকজনের কাছে হস্তান্তর না করে ইটভাটায় পুড়িয়ে ফেলতে পারেন বলে শাহিনুরের ধারণা। মাহমুদুল হাসান আরও বলেন, ভাটার মালিক ও ব্যবস্থাপক পলাতক। এ ঘটনায় মামলা হয়েছে।