স্কুলছাত্রকে পেটানোয় শিক্ষক প্রত্যাহার
শেরপুরে সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে সপ্তম শ্রেণির এক ছাত্রকে শ্রেণিকক্ষে পিটিয়ে আহত করার অভিযোগে এক শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার এ ঘটনা ঘটে।
আহত ছাত্র হাবিবুর রহমানকে (১৩) শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হাবিবুর শেরপুর সদর উপজেলার পাকুরিয়া গ্রামের মৃত আলহাজ উদ্দিনের ছেলে। প্রত্যাহার হওয়া শিক্ষক হলেন পার্থ দত্ত।
সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক রায়হানা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে সপ্তম শ্রেণির বিজ্ঞান ক্লাস চলার সময় দুষ্টুমির অভিযোগে হাবিবুরকে স্টিলের স্কেল দিয়ে পেটান পার্থ দত্ত। এতে জখম হয় সে। এ ঘটনার খবর পেয়ে হাবিবুরের চাচা সারোয়ার জাহান বিদ্যালয়ে যান ও বিষয়টি প্রধান শিক্ষিকা রায়হানা আক্তারকে অবহিত করেন। পরে অন্য শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে বের হয়ে বিক্ষোভ প্রদর্শন ও অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করে। একপর্যায়ে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক এ এম পারভেজ রহিমকে বিষয়টি অবহিত করে। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে ওই শিক্ষককে প্রত্যাহারের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দেন।
জানতে চাইলে অভিযোগ স্বীকার করে শিক্ষক পার্থ দত্ত বলেন, ‘শান্ত লেখাপড়ায় অমনোযোগী ছিল। পড়ানোর সময় অন্যদের সঙ্গে দুষ্টুমি করছিল। তাই স্কেল দিয়ে তাকে শাসন করেছিলাম। এটি আমার ভুল হয়েছে এবং এ জন্য আমি দুঃখিত।’
সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক রায়হানা আক্তার বলেন, জেলা প্রশাসকের নির্দেশে ন্যাশনাল সার্ভিসের আওতায় খণ্ডকালীন নিয়োগ পাওয়া শিক্ষক পার্থ দত্তকে দ্রুত প্রত্যাহারের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হারুন অর রশিদ বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চিঠির পরিপ্রেক্ষিতে বিভাগের উপজেলা কর্মকর্তার মাধ্যমে পার্থ দত্তকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তাঁকে ওই প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।