স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা, মা-বাবা গ্রেপ্তার
নাটোরের বড়াইগ্রামে তিনটি গ্যাস বেলুন নষ্ট করায় ইমন আলী (৯) নামে এক স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ শিশুটির সৎমা নাহিদা বেগম ও বাবা এমদাদুল হককে গ্রেপ্তার করেছে।
নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) শফিকুল ইসলাম বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী জানান, প্রাথমিকভাবে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বড়াইগ্রাম থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কামারদহ গ্রামের এমদাদুল হকের (৪২) প্রথম স্ত্রী কুলসুম বেগমের ছেলে ইমন আলী খেলার সময় তিনটি গ্যাস বেলুন নষ্ট করে ফেলে। এতে ক্ষুব্ধ হয়ে দ্বিতীয় স্ত্রী নাহিদা বেগম (৩০) ও এমদাদুল হক ইমনকে গলা টিপে হত্যা করেন।
এ ঘটনার পর নাহিদা ও এমদাদুল এলাকায় প্রচার করেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন মারা গেছে। গতকাল শুক্রবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত শিশুটির শরীরের কোথাও বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কোনো আলামত পাওয়া যায়নি। বরং গলায় কালো দাগ রয়েছে।
এ ঘটনায় নিহত শিশুটির মা কুলসুম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। কুলসুম বেগমকে ভরণপোষণ না দেওয়ায় তিনি অনেক দিন ধরে পাশের শ্রীখন্ডি গ্রামে বাবার বাড়িতেই থাকতেন। শিশু ইমন তার বাবা ও সৎমায়ের সঙ্গে থাকত। সে কামারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।