স্কুলছাত্রসহ তিন জেলায় চারজন খুন
মাগুরা, মেহেরপুর ও পিরোজপুরে গত শুক্র ও শনিবার চারজন খুন হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
মাগুরা: শালিখার গঙ্গারামপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দিনের সঙ্গে ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি আওয়ামী লীগ কর্মী ডলার হোসেনের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।
ওই বিরোধের জের ধরে গত শনিবার সকাল ছয়টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত পাঁচজন আহত হন। সংঘর্ষে প্রতিপক্ষের সড়কির আঘাতে উপজেলার গঙ্গারামপুর গ্রামের ওয়াজেদ লস্করের ছেলে আরব লস্কর (৩৬) মারা যান। তিনি ডলার হোসেনের সমর্থক ছিলেন।
এদিকে মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামের আমজাদ বিশ্বাসের ছেলে ছাইফার বিশ্বাসকে (৩৫) গত শনিবার রাতে ফটকি নদীতে মাছ ধরার জন্য টিটো খাঁ নামের এক ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে রাত একটার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বেড়িবাঁধের ওপর থেকে ছাইফারের লাশ উদ্ধার করে।
মেহেরপুর: গাংনীর দেবীপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী আজিজুল হক (৪৫) গত শুক্রবার রাতে ইজারা নেওয়া পুকুর পাহারা দিতে যান। শনিবার ভোরে স্থানীয় কৃষকেরা তাঁর গলাকাটা লাশ একটি মাঠে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে।
মঠবাড়িয়া (পিরোজপুর): গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের সড়কের পাশে বারেক ফরাজীর দোকানে ওই গ্রামের সবুজের সঙ্গে কয়েকজন ব্যক্তির কথা-কাটাকাটি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় প্রতিপক্ষের লোকজন সবুজের চাচাতো ভাই মঞ্জু মাতুব্বরকে (১৬) এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। তখন ছেলেকে উদ্ধার করতে গিয়ে আলম মাতুব্বর ও তাঁর স্ত্রী বিউটি বেগমও আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর চারটার দিকে মঞ্জুর মৃত্যু হয়। মঞ্জু পৌর শহরের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।