স্কুলছাত্রী অপহরণ আটকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলায় এক ছাত্রীকে (১৫) অপহরণ করে তার ওপর পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। মুক্তিপণ আদায়ের পর ২ জানুয়ারি ওই ছাত্রীকে ফেলে যায় অপহরণকারীরা।
ফেনীর একটি হাসপাতালে ১১ দিন ধরে ওই ছাত্রীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে এখনো স্বাভাবিক হতে পারেনি। ধর্ষণ, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা সে কিছুতেই মেনে নিতে পারছে না।
এ ঘটনায় ফুলগাজী থানায় ওই ছাত্রীর মা মামলা করেছেন। এতে ফুলগাজীর ফেনাপুষ্করনী গ্রামের আবুল বাশার (৪৫), তাঁর স্ত্রী হাসিনা আক্তার (৩৫) ও শ্যালক ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর গ্রামের ছোট্টু মিয়াসহ (২৬) অজ্ঞাত আরও দু-তিনজনকে আসামি করা হয়েছে। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ওই ছাত্রীর স্বজনেরা বলেন, গত ১৪ ডিসেম্বর পরীক্ষা শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তিন যুবক ওই ছাত্রীর গতি রোধ করে জোর করে একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ১৯ দিন আটক রেখে তাকে নির্যাতন করে। এরপর পরিবারের কাছ থেকে ৩০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে। পরে তাকে ফেনী শহরের মহিপাল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী জানায়, অপহরণের পর ছাগলনাইয়ায় নিয়ে একটি বাসায় আটক রেখে তার ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। ওই বাসার মালিকের নাম সে বলতে পেরেছে। গতকালও কথা বলতে কষ্ট হচ্ছিল তার।
ওই ছাত্রীর এক বড় বোন বলেন, তাঁদের আরেক বোনকে আবুল বাশার তাঁর শ্যালক ছোট্টু মিয়ার সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাঁরা ক্ষিপ্ত হন। বাশার ও ছোট্টু মিয়া তাঁদের সহযোগীদের মাধ্যমে এ ঘটনা ঘটিয়েছেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, একাধিক স্থানে অভিযান চালিয়েও আসামিদের গ্রেপ্তার করা যায়নি। আসামিরা ঘন ঘন স্থান পরিবর্তন করছে। তবে তাদের অবশ্যই আটক করা হবে। ভিকটিমের জবানবন্দি নেওয়া হয়েছে।
ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ছারোয়ার জাহান বলেন, ওই ছাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা ও নিবিড় সেবা দেওয়া হচ্ছে। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন দু-এক দিনের মধ্যে পাওয়া যাবে।