স্কুলছাত্রী আট মাসের অন্তঃসত্ত্বা, টাকায় মীমাংসার চেষ্টা!
নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১৩) বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণ (২৩) তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। মেয়েটি এখন আট মাসের অন্তঃসত্ত্বা। এলাকার একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দিতে চাইছে। তারা টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
মেয়েটির পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, প্রথমে মেয়েটির সঙ্গে ওই তরুণ প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েন। এতে একপর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। তখন তার পরিবার ওই তরুণকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। কিন্তু ওই তরুণ বিয়ে নিয়ে গড়িমসি করতে থাকেন। গত বৃহস্পতিবার রাতে ওই তরুণ মেয়েটির বাড়িতে যান। আশপাশের লোকজন টের পেয়ে তাঁকে হাতেনাতে ধরার চেষ্টা করেন। কিন্তু ওই তরুণ কৌশলে পালিয়ে যান।
গতকাল শুক্রবার মেয়েটির বাড়িতে গেলে সে কাঁদতে কাঁদতে বলে, ‘আমার গর্ভে আট মাস বয়সী সন্তান। সে (ওই তরুণ) আমার বিশ্বাসের অমর্যাদা করে আমার সর্বনাশ করেছে।’ ওই মেয়েটি বলে, ‘আমি আমার গর্ভের সন্তানের পিতৃপরিচয় চাই, আমি তাকে বিয়ে করতে চাই।’ ঘটনার পর থেকে ওই তরুণ পলাতক রয়েছেন।
ওই তরুণ পলাতক থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কামারপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য বলেন, মেয়েটির পরিবার গরিব ও সংখ্যালঘু হওয়ায় তারা এর প্রতিবাদ করতে পারছে না। এ কারণে একটি মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার পাঁয়তারা করছে। তারা বিষয়টি টাকার বিনিময়ে মীমাংসার চেষ্টা করছে।
এ বিষয়ে সৈয়দপুর উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমাকে কেউ কিছু জানাননি। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজন হলে মেয়েটিকে আইনি সহায়তা দেওয়া হবে।’
এ ব্যাপারে জানতে চাইলে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম গতকাল বেলা ১১টার দিকে প্রথম আলোকেবলেন, ‘আমি বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’