স্কুলছাত্রী ও যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বরুহা এলাকার রাজঘাটে নরসুন্ধা নদী থেকে রিমা আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীর লাশ গতকাল মঙ্গলবার উদ্ধার করেছে তাড়াইল থানার পুলিশ। এ ছাড়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গতকাল একটি পুকুর থেকে রেহেনুল ইসলাম সোহেল (৩২) নামের এক যুবককের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রিমা আক্তার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া গ্রামের হুমায়ুন মিয়ার মেয়ে। হুমায়ুন ঢাকা (উত্তর) সিটি করপোরেশনের ময়লার গাড়ির চুক্তিভিত্তিক চালক। রিমা স্থানীয় ইচ্ছাগঞ্জ উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। গতকাল বিকেলে নরসুন্ধা নদী দিয়ে লাশটি ভাটির দিকে ভেসে যাওয়ার সময় রাজঘাট এলাকায় স্থানীয় লোকজন সেটি তীরে নিয়ে এসে পুলিশকে খবর পাঠান। সন্ধ্যার দিকে পুলিশ সেখানে এসে লাশটি থানায় নিয়ে আসে। মেয়েটির চাচা জসিম মিয়া ও ওই গ্রামের আরও অনেকেই ঘটনাস্থলে এসে লাশটি রিমার বলে শনাক্ত করেন।
রিমার চাচা জসিম মিয়া বলেন, গত রোববার রাত সাড়ে আটটার দিকে রিমা ঘর থেকে বাইরে গিয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। তিনি আরও বলেন, রিমার বাবা ঢাকা থেকে আসার পর মামলা করা হবে। রিমার মামা ফয়সাল আহম্মেদ বলেন, ‘একই গ্রামের বাসিন্দা কৃষক আবদুল হাকিমের (২৪) সঙ্গে রিমার প্রেমের সম্পর্ক ছিল। গতকাল ভোররাতে আবদুল হাকিম বিষ খেয়ে বাড়ির পাশে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। আত্মীয়স্বজন সকালে তাঁকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন।’
তাড়াইল থানার উপপরিদর্শক (এসআই) মো. হযরত আলী প্রথম আলোকে বলেন, ‘লাশটির পেটের বাম পাশে কাটা, নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
গফরগাঁওয়ে নিহত রেহেনুল ইসলামের বাড়ি নাটোরের লালপুর উপজেলায়। পাঁচ বছর ধরে তিনি গফরগাঁও পৌর শহরের রাঘাইচটি গ্রামে বসবাস করে আসছিলেন। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গতকাল সকালে পৌর শহরের রেলওয়ে মসজিদের পুকুরে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে দুপুর ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।