স্কুলছাত্রী, কিশোরীসহ ছয়জনের লাশ উদ্ধার
যশোরের শার্শা ও মনিরামপুর উপজেলা থেকে গতকাল শনিবার তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। একই দিন পিরোজপুরের মঠবাড়িয়া থেকে স্কুলছাত্রীসহ আরও দুজন এবং নড়াইলে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোর: পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শার্শার কানাইখাল গ্রামে বাঁওড়ের পানিতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ ভাসতে দেখে নৈশপ্রহরী এলাকাবাসীকে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। একই সময় পাশের মেহগনি বাগানের গাছের ডালে ঝুলন্ত অবস্থায় রবীন্দ্রনাথ বৈরাগী (৫০) নামের আরেক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান বলেন, রবীন্দ্রনাথ দীর্ঘদিন ধরে হাঁপানি রোগে ভুগছিলেন। চিকিৎসা নিতে ভারতে যাওয়ার জন্য তিনি পুটখালী সীমান্তে আসেন। সেখানেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। আর বাঁওড়ের পানি থেকে উদ্ধার করা লাশটির দু-তিন দিন আগে মৃত্যু হয়ে থাকতে পারে।
এদিকে মনিরামপুরের পুড়াডাঙ্গা গ্রামের একটি মাছের ঘেরের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। সকালে ঘাস কাটতে গিয়ে এক ব্যক্তি বস্তাটি দেখতে পান। মনিরামপুর থানার ওসি খবির আহমেদ বলেন, লাশের দুই হাত ও দুই পা বাঁধা ছিল।
মঠবাড়িয়া (পিরোজপুর): মঠবাড়িয়া উপজেলার চালিতাবুনিয়া গ্রামের একটি খাল থেকে মুক্তামণি (১৩) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মুক্তামণি বরগুনার বামনার পূর্ব চালিতাবুনিয়া গ্রামের রত্তন খানের মেয়ে। সে আমুয়া বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
রত্তন খান জানান, গত বুধবার সকাল পৌনে সাতটার দিকে শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মুক্তামণি। এর পর থেকে সে নিখোঁজ ছিল।
এদিকে উপজেলার মিরুখালী-সাফা ভাড়ানি খালে গতকাল সকালে এক তরুণীর লাশ ভাসতে দেখেন লোকজন। লাশের দুই পা দড়ি দিয়ে বাঁধা ছিল। মঠবাড়িয়া থানার এসআই রথীন্দ্রনাথ সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নড়াইল: নড়াইল পৌরসভার গো-হাটখোলার বস্তি থেকে আঁখি (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আঁখি টাঙ্গাইল সদর উপজেলার দেলদাহচর গ্রামের হযরত আলীর মেয়ে। সে ঢাকায় তার বোনের বাসায় থেকে একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করত।
জানা গেছে, গো-হাটখোলার বস্তির বাসিন্দা আজাদ মোল্যার ছেলে রাসেলের (২৩) সঙ্গে আঁখির মুঠোফোনে পরিচয় হয়। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাবা-মা এবং বোনকে না জানিয়ে আঁখি ঈদের দিন রাসেলের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যায়। দুজনের বিয়ের বিষয়ে রাসেলের অভিভাবকের কথা হয়। খবর দেওয়া হয় মেয়ের বাবা হযরত আলীকে। হযরত আলী বলেন, ‘খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় নড়াইলে আসি। বিয়ের বিষয়ে কথাবার্তাও হয়। রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ি। কিন্তু গতকাল ভোরে মেয়ের লাশ আমার বিছানার পাশে দেখতে পাই।’ তিনি দাবি করেন, ‘আমার মেয়েকে মেরে ফেলা হয়েছে।’
নড়াইল সদর থানার এসআই কিশোর মজুমদার জানান, লাশের গলায় একটি দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।