স্কুলছাত্রী দুই বোন নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী দুই বোন গত বৃহস্পতিবার নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করে না পেয়ে গত শুক্রবার তাদের বাবা আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার পশ্চিম পয়সারহাট গ্রামের মো. বাচ্চু খন্দকারের মেয়ে ও পয়সারহাট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রুপা খানম (১৪) ও তার ছোট বোন সপ্তম শ্রেণির ছাত্রী লাবনী খানম (১২) গত বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে মূল্যায়ন (ত্রিমাসিক) পরীক্ষা দেওয়ার জন্য স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয়।
সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় তাদের বাবা মো. বাচ্চু খন্দকার বিদ্যালয়ে গিয়ে দুই মেয়ের খোঁজ নেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, দুবোনের কেউই পরীক্ষা দিতে আসেনি।
আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বাচ্চু খন্দকার গত শুক্রবার আগৈলঝাড়া থানায় জিডি করেন। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, জিডির তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চলছে।