স্কুলছাত্রী ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর গ্রামে স্কুলছাত্রী ধর্ষণের শিকার ও পরে আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলায় শেখ আহম্মদ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী গয়েসপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার শেখ আহম্মদ ওই গ্রামের আবদুল মান্নানের ছেলে। গ্রেপ্তারের পর তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল শুক্রবার দুপুরে নোয়াখালীর বিশেষ বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত জামিন নামঞ্জুর করে শেখ আহম্মদকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
স্কুলছাত্রীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার মামলায় এক যুবককে আটকের কথা নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই। প্রথম আলোকে তিনি বলেন, শেখ আহম্মদকে মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, এই মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত ২৪ অক্টোবর রাতে বাবা-মায়ের অনুপস্থিতিতে নিজেদের বসতঘরে মো. রিপন (১৮) নামের এক যুবকের হাতে ধর্ষণের শিকার হয় নরোত্তমপু ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী রোজিনা আক্তার। রিপন পার্শ্ববর্তী কাদিরপুর ইউনিয়নের গয়েসপুর গ্রামের কালা মিয়ার ছেলে।
ঘটনার পর বাড়ির লোকজন রিপনকে আটকে রাখেন। পরে রিপনের গ্রামের কয়েক যুবক এসে তাঁকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান এবং রোজিনাকে অপমানজনক কথা বলেন। এরপর শনিবার সকালে রোজিনা ফাঁস দিয়ে আত্মহত্যা করে।