স্কুলছাত্রী ধর্ষণের ঘটনা সালিসে ধামাচাপার চেষ্টা
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় আদালতের নির্দেশে গতকাল মঙ্গলবার মামলা নথিভুক্ত করেছে আগৈলঝাড়া থানা। এদিকে সালিসে মীমাংসার নামে এ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীর পরিবার ও এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার একটি গ্রামের হতদরিদ্র দিনমজুরের ওই মেয়েকে ৫ জুলাই একই গ্রামের এক যুবক (২৮) ধর্ষণ করেন। এ সময় ছাত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে যুবককে আটক করে পিটুনি দেন। কিন্তু পরে যুবকের প্রভাবশালী স্বজনেরা বিচারের আশ্বাস দিয়ে তাঁকে নিয়ে যান। পরদিন আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ আদালতে যাওয়ার পরামর্শ দেয়। পরে ছাত্রীর বাবা বাদী হয়ে ১৩ জুলাই বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে আগৈলঝাড়া থানা-পুলিশকে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন।
জানতে চাইলে ওই ছাত্রীর বাবা প্রথম আলোকে বলেন, মামলা দায়েরের পর যুবকের পরিবারের পক্ষ থেকে নানা হুমকি দেওয়া হচ্ছে। ছেলেটির সঙ্গে তাঁর মেয়ের বিয়ের প্রস্তাব দেওয়া হয়। তিনি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে ছেলেটির পরিবার ক্ষিপ্ত হয়। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আমিনুল ইসলামের উদ্যোগে ১৬ জুলাই সালিসের আয়োজন করা হয়। সালিসে ওই যুবককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ভয়ভীতি দেখিয়ে ৩০০ টাকার একটি স্ট্যাম্পে ছাত্রী ও তার বাবার কাছ থেকে স্বাক্ষর আদায় করা হয়।
অভিযোগ সম্পর্কে ওই যুবকের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে তাঁর বাবা বলেন, ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। এরপরও সালিসে বিষয়টির মীমাংসা হয়ে গেছে।
ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। তবে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করার পরে এলাকায় আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় উভয়ের মতামতের ভিত্তিতে মীমাংসা করা হয়েছে। ভয়ভীতি দেখানোর অভিযোগ সত্য নয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গতকাল দুপুরে আদালতের আদেশ হাতে পেয়ে ওই যুবকের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। আজ বুধবার ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে পাঠানো হবে।