স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় শিক্ষক আহাদ আলীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. পিয়ার উদ্দিন গত ২৬ মে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২১ জুন মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আজ বুধবার চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. রশিদুল হাসান এ তথ্য জানিয়েছেন।

আহাদ আলীর বাড়ি সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের নেহালপুর গ্রামে এবং তিনি ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, ওই শিক্ষক গত ২৯ এপ্রিল প্রাইভেট পড়ানোর নাম করে কৌশলে ওই ছাত্রীকে নিজের ভাড়া বাসায় ডেকে ধর্ষণ করেন। সাক্ষ্য–প্রমাণ, মেডিকেল প্রতিবেদন ও আদালতে দেওয়া স্কুলছাত্রীর জবানবন্দি পর্যালোচনার পর আসামির বিরুদ্ধে এই অভিযোগপত্র দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রমতে, স্কুলছাত্রী ধর্ষণের ঘটনা জানাজানি হলে গত ৪ মে ঝিনুক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষক আহাদ আলীর শাস্তির দাবিতে বিক্ষোভ করে। এরপর ওই স্কুলছাত্রীর ভগ্নিপতি বাদী হয়ে সদর থানায় মামলা করেন। পুলিশ আহাদ আলীকে তাঁর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে। ৫ মে আদালতে সোপর্দ করা হলে মুখ্য বিচারিক হাকিম এ বি এম মাহমুদুল হক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই দিনই বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ওই শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে। তাঁর শাস্তির দাবিতে মানবাধিকার ও নাগরিক সংগঠনগুলো মানববন্ধন, স্মারকলিপি পেশসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে।

এ ঘটনা নিয়ে প্রথম আলোতে গত ৫ মে ‘ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, শাস্তি দাবি’ এবং ৬ মে ‘অভিযুক্ত শিক্ষক কারাগারে, চাকরি থেকে বরখাস্ত’ শিরোনামে দুটি সংবাদ প্রকাশিত হয়।