স্কুলছাত্রী ধর্ষণের মামলা, শ্রমিক লীগের সাবেক নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় সাবেক শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হলে গতকাল বৃহস্পতিবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারের বরাত দিয়ে রায়পুর থানার পুলিশ জানায়, ওই ছাত্রীর পরিবার রায়পুরে একটি বাসায় ভাড়া থাকে। কয়েক বাসা পরেই রায়পুরের পৌর শ্রমিক লীগের সাবেক সভাপতি আজাদ হোসেন চৌধুরী থাকেন। গত মঙ্গলবার রাতে ছাত্রীর মা-বাবা বাসায় ছিল না। রাত ১০টার দিকে আজাদ ওই ছাত্রীকে তাঁর বাসায় ডেকে পাঠান। ওই ছাত্রী বাসায় গেলে আজাদ তাকে আটকে রেখে ধর্ষণ করেন। বুধবার ভোরে ছাত্রী কৌশলে ওই বাসা থেকে বের হয়। এরপর বাসায় ফিরে সে তার পরিবারের লোকজনকে ধর্ষণের ঘটনা জানায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ধর্ষণের অভিযেগে থানায় মামলা হয়েছে। আজাদকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। লক্ষ্মীপুর সদর হাসপাতালে ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে এখনও প্রতিবেদন পাওয়া যায়নি।