স্কুলছাত্রী ধর্ষণের শিকার, আটক ১
পড়ে সপ্তম শ্রেণিতে। অভিমান হয়েছিল মায়ের ওপর। তাই বিদ্যালয়ে না গিয়ে নিরুদ্দেশ হতে চেয়েছিল। গত সোমবার সকালে সে বাড়ি থেকে বের হয়। পরে সে প্রতারণার শিকার হয়। তিন দিন তাকে একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ করা হয়।
মেয়েটির ভাষ্য অনুযায়ী, পথে হান্নান মোল্লা (৪৫) নামের এক ব্যক্তির সঙ্গে তার দেখা হয়। হান্নান মোল্লা মেয়েটির কথা শুনে সুযোগ নেন। তাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। মেয়েটি তাকে বিশ্বাস করে। হান্নান তাকে বাঘা উপজেলার মিলিক বাঘা গ্রামের বানেরা বেগম নামের এক নারীর বাড়িতে তিন দিন আটকে রাখেন। গত বুধবার সন্ধ্যায় মেয়েটি কৌশলে পালিয়ে একটি ভ্যানে উঠে বাঘা থানায় যায়।
পুলিশ মেয়েটির ভাষ্য অনুযায়ী হান্নান মোল্লার বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা নেয়। নিজ বাড়িতে আটকে রেখে সহযোগিতা করার অভিযোগে উপজেলার মিলিক বাঘা গ্রামের বানেরা বেগমকেও আসামি করে। বুধবার রাতেই পুলিশ বানেরাকে আটক করে।
হান্নান মোল্লার বাড়ি বাঘা উপজেলার চাঁদপুর গ্রামে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মাহমুদ বলেন, আবদুল হান্নান পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মেয়েটিকে গতকাল বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।