স্কুলছাত্রী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিল্লুর রহমান (৩২) নামের এক ব্যক্তিকে গতকাল বুধবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।
জিল্লুরের বাড়ি উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নান্দুয়া খালেরগুল গ্রামে। তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।
পুলিশ সূত্রে জানা গেছে, চতুর্থ শ্রেণির ওই ছাত্রী গত সোমবার সকালে প্রতিবেশী এক সহপাঠীর সঙ্গে হেঁটে বিদ্যালয়ে যাচ্ছিল। পথে নির্জন এলাকায় পৌঁছালে জিল্লুর তাকে ডেকে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেন। ছাত্রীটি বাড়ি ফিরে তার মাকে ঘটনাটি জানায়। পরে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার সকালে ছাত্রীর মা বাদী হয়ে বড়লেখা থানায় জিল্লুরকে আসামি করে মামলা করেন। গতকাল বেলা ১০টার দিকে নান্দুয়া খালেরগুল গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।