স্কুলছাত্রী ধর্ষণের শিকার, দুই দিন পর মামলা নিল পুলিশ
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় গত রোববার এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মেয়েটির পরিবার গত সোমবার অভিযোগ নিয়ে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি। সংবাদকর্মীদের উপস্থিতিতে গত মঙ্গলবার পুলিশ মামলাটি নেয়।
মেয়েটির পরিবার ও এলাকাবাসী কয়েকজন বলেন, অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে প্রায় দুই বছর ধরে ইউনিয়নের জাগির মুন্সীরকান্দি গ্রামের রিজভী খান উত্ত্যক্ত করে আসছে। এ নিয়ে মেয়ের পরিবার ছেলের পরিবারের কাছে একাধিকবার অভিযোগ দিলেও কোনো ফল হয়নি। রিজভী কোদালপুর উচ্চবিদ্যালয় থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। মেয়েটিও আগে সেখানে পড়ত। রিজভীর কারণে মেয়েটি এ বছর অন্য বিদ্যালয়ে ভর্তি হয়।
২৪ মে মেয়েটির বাবা তাঁর দুই মেয়েকে রেখে এশার নামাজ পড়ার জন্য বের হন। ফিরে এসে দেখেন বড় মেয়ে ঘুমিয়ে আছে, কিন্তু ছোট মেয়ে নেই। এরপর আশপাশে সারা রাত খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে মেয়েটিকে স্থানীয় একটি বাড়ির পরিত্যক্ত ঘরে আটক অবস্থায় পাওয়া যায়। মেয়েটি তার পরিবারকে জানায়, ওই দিন রাত সাড়ে আটটার দিকে সে শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। এ সময় রিজভী, তার বন্ধু রাজন ও আরও দুজন তাকে বেঁধে রাজনদের বাড়িতে নিয়ে যায়। সেখানে রিজভী তার ওপর অত্যাচার চালায়।
এ ব্যাপারে কথা বলতে অভিযুক্ত রিজভী ও রাজনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ দুজনের মুঠোফোন নম্বরও পাওয়া যায়নি।
মেয়েটির বাবা বলেন, এ ঘটনায় তিনি স্ত্রী, মেয়ে ও নিজের ভাইকে নিয়ে সোমবার মামলা করার জন্য গোসাইরহাট থানায় যান। সেখানে তাঁর মেয়েকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্তের জন্য উপপরিদর্শক ফারুক হোসেনকে গ্রামে পাঠান। উপপরিদর্শক বিস্তারিত খোঁজখবর না নিয়ে রিজভীর পরিবারের সঙ্গে কথা বলে থানায় ফিরে আসেন। পরে পুলিশ বিষয়টি সাজানো বলে মত দেয়।
মঙ্গলবার মেয়েটি অসুস্থ হয়ে গেলে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর পেয়ে স্থানীয় সাতজন সংবাদকর্মী গোসাইরহাট থানায় যান। তাঁদের উপস্থিতিতে মঙ্গলবার রাতে মেয়েটির ভাই বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নেয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, পুলিশের উচিত ছিল মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো। সেটা না করে পুলিশ যে আচরণ করেছে তাতে মনে হচ্ছে, অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা চলছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, মেয়েটির কথাবার্তা অসংলগ্ন হওয়ায় মামলা না নিয়ে উপপরিদর্শককে তদন্তের জন্য পাঠানো হয়েছিল। তিনি ঘটনার সত্যতা না পাওয়ায় প্রথমে মামলা নেওয়া হয়নি। তবে মঙ্গলবার রাতে একটি মামলা হয়েছে।