স্কুলছাত্রী ধর্ষণের শিকার, মামলা
যশোরের মনিরামপুর উপজেলায় এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের ভিডিও চিত্র এলাকার তরুণদের মুঠোফোনে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ গত সোমবার রাতে চার তরুণকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার যশোর জেনারেল হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
গ্রেপ্তার করা তরুণেরা হলো সজীব মণ্ডল (১৭), শিমুল সরকার (১৮), জগন্নাথ সরকার (১৭) ও তন্ময় বিশ্বাস (১৭)। এদের মধ্যে জগন্নাথ ও তন্ময় এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। শিমুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। আর সজীব দুই বছর আগে লেখাপড়া ছেড়ে দিয়েছে। তবে পুলিশ মূল আসামি অমিতকে গ্রেপ্তার করতে পারেনি। অমিত এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
ধর্ষণের শিকার স্কুলছাত্রী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। পুলিশ জানায়, ১৭ ফেব্রুয়ারি দুপুরে সে প্রতিবেশী এক বাড়িতে টেলিভিশন দেখতে যায়। এ সময় বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে অমিত মল্লিক নিজ ঘরে ওই ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করে। ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ধারণ করা হয়। এরপর ভিডিওটি অমিত তার বন্ধুদের মুঠোফোনে ছড়িয়ে দেয়। এরপর সোমবার রাতে মেয়েটির মা বাদী হয়ে অমিতসহ তার চার বন্ধুকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ ওই রাতেই চারজনকে গ্রেপ্তার করে। তবে অমিতকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মনিরামপুর থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, স্কুলছাত্রী ধর্ষণ ও ধর্ষণের ঘটনায় পর্নোগ্রাফি আইনে থানায় মামলা হয়েছে। এরপর ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই অপ্রাপ্তবয়স্ক।