স্কুলছাত্রীকে অপহরণ বান্ধবীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিলে গতকাল শুক্রবার দশম শ্রেণির এক ছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণ করেছে সন্ত্রাসীরা। এ সময় বাধা দেওয়ায় ওই ছাত্রীর বান্ধবীকে পিটিয়ে আহত করা হয়।
এ ঘটনায় মো. আরিফ নামে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে আটক করেছে পুলিশ। তবে অপহৃত ছাত্রীকে উদ্ধার কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য উদ্ধার করা যায়নি।
অপহৃত ছাত্রীর বড় ভাই প্রথম আলোকে বলেন, গতকাল সকালে তাঁর ছোট বোন প্রাইভেট পড়তে বিদ্যালয়ে যায়। সকাল সাড়ে নয়টার দিকে এক বান্ধবীসহ বাড়ি ফেরার পথে পশ্চিম পরকোট এলাকার আমির হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁর বোনকে অস্ত্রের মুখে অটোরিকশায় তুলে নিয়ে যায়। তিনি বলেন, অপহরণের সময় তাঁর বোনের এক বান্ধবী বাধা দিলে তাকে কিল-ঘুষি মেরে ও পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় চাটখিল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অপহৃত ছাত্রীর ভাই। কিন্তু বিকেল পর্যন্ত পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন বলেন, অপহৃত ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।