স্কুলছাত্রীকে অপহরণে বাধা দাদিকে ঝলসে দিল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করার সময় বাধা দেওয়ায় তার দাদিকে (৫৫) অ্যাসিড দিয়ে ঝলসে দিয়েছে বখাটেরা। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
বুধবার রাত থেকেই ওই ছাত্রীর দাদি আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার একটি মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পীরগাছা উপজেলার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে কতিপয় যুবক উত্ত্যক্ত করে আসছিল। বুধবার ওই যুবকেরা উত্ত্যক্ত করায় সে প্রতিবাদ করে। এতে ওই দিন রাত সাড়ে আটটার দিকে দুর্বৃত্তরা অপহরণের জন্য ওই ছাত্রীর বাড়ির পাশে ওত পেতে থাকে। সে সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে দুর্বৃত্তরা তাকে অপহরণের চেষ্টা করে। ছাত্রীর চিৎকারে তার দাদি ঘর থেকে বের হয়ে আসেন। তিনি অপহরণকারীদের বাধা দিলে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে দাহ্য পদার্থ ছুড়ে মেরে পালিয়ে যায়। এতে তিনি ঝলসে যান। ওই রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক সহকারী অধ্যাপক নিমাই চন্দ্র কর্মকার বলেন, ‘ওই ছাত্রীর দাদির মুখের কিছু অংশ অ্যাসিডে ঝলসে দেওয়া হয়েছে। তিনি বাঁ চোখেও ঝাপসা দেখছেন।’
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ছাত্রীর চাচা উপজেলার নজর মামুদ গ্রামের তরুণ এনামুল হক, পলাশ মিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনা তদন্ত করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।