স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার উপজেলার সিংপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। তবে এলাকাবাসী অপহরণের কিছুক্ষণ পর ওই ছাত্রীকে উদ্ধার করেছে।
ওই ছাত্রী অভিযোগ করে, গতকাল ভোর ছয়টায় স্কুলের শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাওয়ার সময় রাস্তায় ওত পেতে থাকা একই এলাকার বখাটে শাহাদাৎ আলী (২৬), তাঁর ছোট ভাই জুলফিকার আলী (২৪) ও তাঁর চাচাতো ভাই সারোয়ার মিয়া (২৫) তার পথরোধ করেন। পরে তাঁরা তার মুখ চেপে শাহাদাৎ আলীর একটি ঘরে নিয়ে তালা মেরে রাখেন। সে চিৎকার শুরু করলে সাড়ে ছয়টার দিকে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
এ ঘটনায় অপহরণের অভিযোগে গতকাল দুপুরে ওই ছাত্রীর দাদা শাহাদাৎ আলীসহ তিনজনের বিরুদ্ধে নিকলী থানায় মামলা করেছেন।
গতকাল দুপুরে কথা বলার জন্য শাহাদাৎ আলীর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাঁদের ঘরগুলো তালা মারা। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা বলেন, আসামিরা ঘটনার পর থেকে পলাতক। তবে আসামিদের গ্রেপ্তারে এলাকায় বিশেষ অভিযান চলছে।