স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা তিনজন গ্রেপ্তার
সাতক্ষীরার তালায় এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার শুভাসিনি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন যশোরের কেশবপুরের হিজলডাঙ্গা গ্রামের আক্তারুজ্জামান (২৪), গাড়িচালক সাতক্ষীরার শহরের পলাশপোল এলাকার জাকির হোসেন (২৩) ও কালীগঞ্জের ঘুসুড়ি গ্রামের নিলয় নন্দী (২৪)।
পুলিশ জানায়, সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে দশম শ্রেণির ওই ছাত্রীকে অপহরণের চেষ্টা চালায় একটি প্রাইভেট কারে করে আসা কয়েকজন তরুণ। একপর্যায়ে অপহরণকারীরা ছাত্রীকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করলে সে চিৎকার শুরু করে। এ সময় জনতা এগিয়ে এলে তারা গাড়ি নিয়ে দ্রুত পালানোর চেষ্ট করে। লোকজনের ধাওয়ার মুখে ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর এলাকায় সড়কের ওপর গাড়ি ফেলে অপহরণকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। লোকজন গাড়িসহ জাকির হোসেনকে আটক করেন। পরে তাঁকে তালা থানায় সোপর্দ করা হয়। জাকিরের স্বীকারোক্তি অনুযায়ী অপহরণকারীদের সহায়তা করার অভিযোগে আক্তারুজ্জামান ও নিলয়কে গ্রেপ্তার করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, ঘটনাস্থল যেহেতু খুলনার ডুমুরিয়া থানায়, এ জন্য একটি সাধারণ ডায়েরি করে গ্রেপ্তার ব্যক্তিদের ওই থানায় পাঠানো হয়েছে। অপহরণকারীদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।
ডুমুরিয়া থানার ওসি মশিয়ুর রহমান জানান, অপহরণের অভিযোগে স্কুলছাত্রীর খালা মামলা করেছেন।