স্কুলছাত্রীকে অপহরণের পর গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরতলির বাদেকল্পা বাইপাস এলাকায় এক স্কুলছাত্রীকে অপহরণের পর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রীর নাম নাদিরা আক্তার (১১)। সে ময়মনসিংহ জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। নাদিরা শহরতলির গনসার মোড় এলাকার মো. ইউনুছ মিয়ার মেয়ে।

পুলিশ, বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও স্থানীয় লোকজনের ভাষ্য, আজ বেলা দেড়টার দিকে স্কুল ছুটির পর নাদিরা বাড়ি ফিরছিল। গনসার মোড় এলাকায় পৌঁছালে কয়েক জন দুর্বৃত্ত একটি মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায়। বিকেল চারটার দিকে শহরতলির বাদেকল্পা বাইপাস এলাকায় একটি ধানখেতে নাদিরার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমানসহ নাদিরার পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে যান।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসের ভেতর নাদিরাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে নাদিরার পরিবারের সদস্যরা একজন আত্মীয়কে সন্দেহ করছেন। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না।

আজ সন্ধ্যা সাতটার দিকে নাদিরার বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে এলাকাবাসী। এ সময় তারা নাদিরার ফুপাত ভাই হাবিবের নাম উল্লেখ করে স্লোগান দেয় এবং তাঁর ফাঁসির দাবি করেন। সেখানে প্রত্যক্ষদর্শী বলে দাবি করা অনেকের দেওয়া ভাষ্য, নাদিরাকে মাইক্রোবাসে তুলে নিয়েছিলেন হাবিব। এ ব্যাপারে কথা বলার জন্য মোবাইল ফোনে হাবিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে এটি বন্ধ পাওয়া যায়।