স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে প্রথমে ওই ছাত্রীকে অপহরণ ও পরে ধর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় ছাত্রীটির বাবা বাদী হয়ে গতকাল বুধবার থানায় মামলা করেছেন। মামলার আসামি উপজেলার মো. রানা ও মো. সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছাত্রীর বাবার দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, তাঁর মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। বাড়ি থেকে স্কুলে যাওয়া-আসার পথে রানা, সাগর ও তাদের বন্ধুরা তাঁর মেয়েকে উত্ত্যক্ত করাসহ নানা অশালীন কথাবার্তা বলত ও চিঠি দিত। এ নিয়ে তাদের বকাঝকা করলে তারা তাঁর মেয়েকে অপহরণ করে ধর্ষণের হুমকি দেয়। গত মঙ্গলবার সকাল আটটার দিকে তাঁর মেয়ে স্কুল মোড়ে পৌঁছালে রানা ও সাগর তাকে মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়। এরপর কুষ্টিয়ার মিরপুরের খামারপাড়া গ্রামের একটি খেতের ভেতরে নিয়ে সাগরের সহযোগিতায় রানা তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।
ধর্ষণের খবর মৌখিকভাবে জেনে আলমডাঙ্গা থানার পুলিশ মঙ্গলবার রাতেই রানা ও সাগরকে আটক করে থানায় নিয়ে আসে। গতকাল মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
থানায় দায়ের করা মামলায় রানার বয়স ১৯ উল্লেখ করা হয়েছে। আলমডাঙ্গা থানায় অবস্থানকালে রানা নিজেকে অষ্টম শ্রেণির ছাত্র ও তার বয়স ১৫ বছর বলে দাবি করে। রানার দাবি, মেয়েটির সঙ্গে তার ছয় মাসের বন্ধুত্ব। ধর্ষণের অভিযোগ ভিত্তিহীন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান বলেন, ওই ছাত্রীর বাবার লিখিত অভিযোগ অনুযায়ী মামলা নেওয়া হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।