স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে একজন আটক
বগুড়ার শেরপুরে খামারকান্দি ইউনিয়নে এক স্কুলছাত্রীকে (১৩) উত্ত্যক্ত করার অভিযোগে মোস্তাফিজুর রহমান (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রোববার তাকে আটক করা হয়।
ওই ছাত্রীর বাবা বলেন, তাঁর মেয়ে পাশের গ্রামের একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। মোস্তাফিজুর তাঁর মেয়েকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত। এ ছাড়া তাঁদের অনুপস্থিতিতে বাড়িতে এসেও উত্ত্যক্ত করেছে। এ ঘটনা ওই ছেলের বাবা ও ভাইকে অনেকবার বলা হলেও কোনো লাভ হয়নি। রোববার সকালে মোস্তাফিজুর বাড়ির পাশে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করলে তিনি পুলিশে খবর দেন।
ওই স্কুলছাত্রী জানায়, মোস্তাফিজুর তাকে দেখে খারাপ কথা বলে। গ্রামের মাতবর আবদুস সামাদ বলেন, এর আগেও আরও কয়েকটি ঘটনায় গ্রাম্য সালিসে মোস্তাফিজুরকে সতর্ক করা হয়েছিল।
এদিকে ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ অস্বীকার করেছেন মোস্তাফিজুর।
শেরপুর থানার ওসি আলী আহমেদ হাশমী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।