স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে কিশোর আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক কিশোরকে (১৬) আটক করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার ওলামা বাজার এলাকা থেকে ধারালো অস্ত্রসহ তাকে আটক করে পুলিশ। এলাকায় কিশোরটি বখাটে হিসেবে পরিচিত। নবম শ্রেণিতে ওঠার পর পড়াশোনা বন্ধ করে দেয় সে।
পুলিশ সূত্র জানায়, সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের চর চান্দিয়া গ্রামের ওই কিশোর দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। ওই ছাত্রী বিষয়টি তার অভিভাবককে জানায়। পরে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ওই কিশোরের মা-বাবাকে এ ঘটনা জানানো হয়। এতে সে আরও বেপরোয়া হয়ে ওঠে। বখাটে কিশোরের উৎপাত বাড়তে থাকায় ছাত্রীর পরিবার তিন দিন আগে থানায় লিখিত অভিযোগ করে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ওই কিশোরের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে থানায় আরও মামলা রয়েছে।