স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় ছয় মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৩) উত্ত্যক্ত করার দায়ে নয়ন মৃধা (১৯) নামের এক তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফরিদ উদ্দিন এই সাজা দেন। নয়ন মৃধার বাড়ি মঠবাড়িয়া পৌরসভার সবুজনগর গ্রামে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুরের ভাষ্য, দীর্ঘদিন ধরে নয়ন মৃধা ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন। সকাল ১০টার দিকে মেয়েটি প্রাইভেট পড়ে শহরের ডাকবাংলো সড়ক দিয়ে বাসায় যাচ্ছিল। সে সময় নয়ন তাকে উত্ত্যক্ত করেন। স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ এসে নয়নকে আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন বিচারক।