স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় তিন তরুণের কারাদণ্ড
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দশম শ্রেণির এক ছাত্রীকে (১৫) উত্ত্যক্ত করার দায়ে তিন তরুণকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকেল তিনটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. মনির হোসেন এ সাজা দেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, উপজেলার বড়কাশিয়া গ্রামের মোশারফ হোসেন (১৯), দিদার মিয়া (১৯), রিয়াদুল ইসলাম (১৮) বেশ কিছুদিন ধরে ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। আজ সকালে স্থানীয় মাঘান উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশ থেকে ওই তিন তরুণকে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আটক করে পুলিশকে খবর দেয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকও থানায় লিখিত অভিযোগ দেন। এর পর বেলা তিনটার দিকে ওই তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী হাকিম তাঁদের প্রত্যেককে ছয় মাসের করে কারাদণ্ড দেন। ওই তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।